বিঝু উৎসব ঘিরে দীঘিনালায় ৯ কমিটিকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন বিঝু উৎসব উপলক্ষে ৯টি উদযাপন কমিটির মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে দীঘিনালা জোন।
বিজ্ঞাপন
রবিবার (৫ এপ্রিল) জোনের উদ্যোগে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়। উৎসবকে সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন (এসইউপি, পিএসসি), মেজর শিহাবুন সাকিব রুশাদ (পিএসসি), ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমী এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ জয়নুল আবেদিনসহ অন্যান্য কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব বিঝু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের উৎসব উদযাপনকে আরও উৎসাহিত করবে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিভিন্ন বিঝু উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








