পাম্পে চাকরিজীবী-শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ

জ্বালানি তেলের ঘাটতি মোকাবিলায় যশোরের ঝিকরগাছা উপজেলায় বিশেষ পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। চলমান সংকট পরিস্থিতিতে চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জরুরি সেবা ও পেশাগত কার্যক্রম সচল রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় এবং চাহিদা বেড়ে যাওয়ায় ঝিকরগাছার বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও ভোগান্তি তৈরি হয়েছে। এতে অফিসগামী কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছিল।
বিজ্ঞাপন
এই প্রেক্ষাপটে উপজেলা প্রশাসন নির্দিষ্ট কিছু পেশাজীবীর জন্য অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে ফিলিং স্টেশন মালিক ও ব্যবস্থাপকদের উদ্দেশে বলা হয়েছে, মজুদ থাকা সাপেক্ষে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, চাকরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য আলাদা লাইন চালু করতে হবে অথবা পরিচয়পত্র যাচাই করে অগ্রাধিকার দিয়ে জ্বালানি তেল সরবরাহ করতে হবে।
এছাড়া নির্দেশনাটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার জন্যও বলা হয়েছে, যাতে সাধারণ মানুষ বিষয়টি সম্পর্কে অবগত থাকতে পারেন।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান, সংশ্লিষ্ট পেশাজীবীরা বৈধ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে নির্ধারিত সুবিধা পাবেন। একইসঙ্গে জ্বালানির অপচয় রোধ, অপ্রয়োজনীয় মজুত বন্ধ রাখা এবং ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করতে পাম্প মালিকদের প্রতি কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে সংকটকালীন পরিস্থিতিতে জরুরি ও পেশাগত কার্যক্রম সচল রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।








