মানিকছড়িতে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটার চিমনি ভেঙে ফেলা এবং কাঁচা ইট ধ্বংস করে সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল এলাকায় “থ্রি স্টার” নামক ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা। এ সময় খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় পূর্বেই ইটভাটাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভাটা কর্তৃপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় অবৈধভাবে কার্যক্রম শুরু করে।
বিজ্ঞাপন
এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভাটাটিকে ২ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি ভাটার টিনের চিমনি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় ইটভাটার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।








