Logo

চুনারুঘাটে ঐতিহ্যবাহী শিব-পার্বতীর চৈত্রপূজা

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
৮ এপ্রিল, ২০২৬, ১৬:১৭
চুনারুঘাটে ঐতিহ্যবাহী শিব-পার্বতীর চৈত্রপূজা
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ঐতিহ্য শিব-পার্বতীর চৈত্রপূজা বা দণ্ড উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল ও চা-বাগানজুড়ে আয়োজিত এ উৎসব চৈত্র মাসজুড়ে চলে এবং শেষ হয় মাসের শেষ দিনে।

বিজ্ঞাপন

বিশেষ করে পারকুল চা বাগানসহ বিভিন্ন বাগান এলাকায় “পারকুল দণ্ড নাট্য সংস্থা”র অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। চা-বাগানের প্রায় ৮৫টি জাতিগোষ্ঠীর শ্রমিকদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। এর মধ্যে ওরিয়া সম্প্রদায়ের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

চৈত্র অমাবস্যা থেকে শুরু হয়ে টানা ১৩ দিন ধরে চলে এই দণ্ড উৎসব। এ সময় ভক্তরা শিব ও কালী পূজার মাধ্যমে ব্রত পালন করেন। দিনভর উপবাস থেকে রাতে নিরামিষ ভোগ গ্রহণ করেন তারা। ব্রতের মাধ্যমে পুরোনো বছরের দুঃখ-কষ্ট দূর করে নতুন বছরকে সুখ-সমৃদ্ধিতে বরণ করার প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

প্রতিদিন ভক্তরা দলবদ্ধভাবে দণ্ড যাত্রায় অংশ নেন। ঢাকঢোল ও গানের তালে চা-বাগানের ভেতর দিয়ে শোভাযাত্রা বের হয়, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে। সন্ধ্যায় পূজা শেষে রাতে পরিবেশিত হয় ধর্মীয় ও সামাজিক নাটক, যা দেখার জন্য স্থানীয়রা বছরজুড়ে অপেক্ষা করে থাকেন।

চৈত্র মাসের শেষ দিনে জমজমাট শোভাযাত্রা, চড়কগাছ পূজা ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই ১৩ দিনের আয়োজন। অনেকে চড়ক পূজায় অংশ না নিলেও ব্রত পালন করে কীর্তন ও নগর পরিক্রমায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

দণ্ড উৎসবে ডুলিয়া খেলা, দুনা খেলা, হাড়ি হারিয়ানি, পরবা নৃত্য, শিব-পার্বতী নৃত্য, নন্দী-বন্ধী, কালী কাটামসহ নানা লোকজ ও ধর্মীয় পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা চা-বাগানের প্রাচীন সংস্কৃতিকে জীবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সবার সহযোগিতা প্রয়োজন। তারা এ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সকলের এগিয়ে আসার আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD