১২ বছর পর সালথায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, হাজারো মানুষের ঢল

দীর্ঘ ১২ বছর পর ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত বিস্তৃত মাঠজুড়ে আয়োজিত এ প্রতিযোগিতা ঘিরে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই গ্রামীণ আয়োজন দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে ভিড় জমান অসংখ্য দর্শক।
শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে উপভোগ করেন এই প্রতিযোগিতা। দৌড়ে অংশ নেওয়া ঘোড়াগুলোর দুরন্ত গতি আর দর্শকদের করতালি ও উল্লাসে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে দেখা যায় বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। অনেকেই জানান, এই ধরনের প্রতিযোগিতা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, মোঃ শফিকুল ইসলাম বাবু মাস্টার, যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, মোঃ নুরুল ইসলাম মাতুব্বরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন শ্রেণীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








