টিকটক ও ফ্রি ফায়ার নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র দুই গ্রাম, আহত ৫

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এবং জনপ্রিয় অনলাইন গেম ফ্রি ফায়ারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজার এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আগের দিন মঙ্গলবার লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমিতে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই গ্রামের কিশোরদের মধ্যে টিকটক ও ফ্রি ফায়ার গেম নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
বিজ্ঞাপন
এই ঘটনার জের ধরে বুধবার সকালে দুই গ্রামের লোকজন বাজার এলাকায় জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমকে ঘিরে তরুণদের মধ্যে বাড়তে থাকা বিরোধ ও সহিংসতার একটি নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।








