খোকসা গড়াই নদীতে ‘মিনি কক্সবাজার’ নির্মাণের উদ্যোগ, পরিদর্শনে ইউএনও

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর বুকে ‘মিনি কক্সবাজার’ নামে একটি বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমাদুল হাসান।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে গড়াই নদীর কূলবর্তী নির্ধারিত স্পটসমূহ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, খোকসা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে ইউএনও মাহমাদুল হাসান বলেন, নির্ধারিত স্পটটি অত্যন্ত সুন্দর ও সম্ভাবনাময়। তবে সরকারি সকল নিয়ম-নীতির আলোকে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হবে।
বিজ্ঞাপন
এদিকে ‘মিনি কক্সবাজার’ প্রকল্পের উদ্যোক্তা মো. রিপন হোসেন জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজারের আদলে বিভিন্ন বিনোদন সুবিধা এখানে গড়ে তোলা হবে। এর মধ্যে থাকবে স্পিডবোট, জেট স্কি , ওয়াটার স্পোর্টস, পর্যটকদের জন্য ফান রাইডসহ আধুনিক ইঞ্জিনচালিত নৌযান। এছাড়া দর্শনার্থীদের আকৃষ্ট করতে সমুদ্রসদৃশ পরিবেশ, মাছের ব্যবস্থা এবং আধুনিক বিনোদন অবকাঠামোর পরিকল্পনাও রয়েছে।
স্থানীয়রা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে খোকসায় পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।








