ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে শ্রীবরদী সরকারি কলেজ কেন্দ্রে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কথাকাটাকাটি থেকে পরিস্থিতির অবনতি ঘটে এবং পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে কেন্দ্রজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হয়।
বিজ্ঞাপন
সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, একই আসনে চলমান নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। ভোটগ্রহণ চলাকালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান এবং নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে অভিযোগ তোলেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। প্রায় ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য স্থাপন করা হয়েছে ১২৮টি ভোটকেন্দ্র। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








