খুলনায় ছুরিকাঘাতে প্রাণ গেল তাঁতী দল নেতার

খুলনার খালিশপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতী দল নেতা মো. সোনামিয়ার মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতের দিকে নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বিজ্ঞাপন
নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা এবং জব্বার সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, খালিশপুর নয়াবাটি এলাকায় তার একটি ভ্যারাইটিস স্টোর ছিল। প্রতিদিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরে যেতেন তিনি। শনিবার রাত ১২টার পর একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের বাহুতে দু’টি আঘাত করে। ওই আঘাতে তার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
আহত অবস্থায় প্রাণ বাঁচাতে সোনামিয়া দৌড়ে পাশের একটি প্রতিষ্ঠানের গুদামে আশ্রয় নেন। সেখানে তিনি অচেতন অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খালিশপুর থানা পুলিশের এসআই পলাশ কুমার রায় জানান, রাত সাড়ে ১২টার পর ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, সোনামিয়া গত রাতে দোকানে বসা ছিলেন। একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার ডান হাতের বাহুতে ধারালো অস্ত্রদিয়ে পরপর দু’টি আঘাত করে। এরপর দোকান ছেড়ে দৌড় দিয়ে পার্শ্ববর্তী একটি কোম্পানির গোডাউনে গিয়ে আশ্রয় নেয়। সেখানে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।








