দর্শনা সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচারের সময় কোটি টাকার স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্তের পাঁচ কবর এলাকায় অভিযান চালিয়ে সমর হালদার (২৭) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের পরিকল্পনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর একটি টহল দল বারাদি বিওপির অধীনে পাঁচ কবর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এক ব্যক্তি বাইসাইকেলে করে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।
বিজ্ঞাপন
আটকের পর তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। পরে ডিজিটাল স্কেলে ওজন করে দেখা যায়, স্বর্ণগুলোর মোট ওজন ৪৫২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা।
এসময় আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেলও জব্দ করা হয়।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য আলামত যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।








