Logo

কুষ্টিয়ায় আলোচিত পীর হত্যা, রাজনৈতিক সংশ্লিষ্টতা নাকচ জামায়াতের

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৫ এপ্রিল, ২০২৬, ১৫:৫৮
কুষ্টিয়ায় আলোচিত পীর হত্যা, রাজনৈতিক সংশ্লিষ্টতা নাকচ জামায়াতের
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় শিবিরের এক সাবেক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. বেলাল উদ্দীন এবং সেক্রেটারি ডা. মো. আব্দুল্লাহ আল নোমান বলেন, একটি জাতীয় দৈনিকে “প্রথম আঘাত করে জামায়াতকর্মী” শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তাদের দাবি, ফিলিপনগর এলাকায় সংঘটিত ঘটনাটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয়; বরং এটি একটি আকস্মিক ও স্থানীয় ঘটনা। এতে কোনো রাজনৈতিক দলের সংগঠিত সম্পৃক্ততা নেই বলেও তারা উল্লেখ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক কুষ্টিয়া জেলা শিবিরের সভাপতি খাজা আহম্মেদ (৩৬) কে প্রধান আসামি এবং রাজিব মিস্ত্রি (৩২) কে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশের স্থানীয় নেতা আসাদুজ্জামান আসাদ (৪৮) ও একটি মাদ্রাসার শিক্ষক সিহাব (সাফি) (৪৫)-এর নামও আলোচনায় এসেছে।

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে দলটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা জোর দিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই।”

অন্যদিকে, মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার দিন বিরোধ মীমাংসার লক্ষ্যে একটি বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছিল। ফেসবুকে মিছিলের খবর পেয়ে তিনি পীরের ভাইকে সতর্ক করেন এবং পরে হামলার বিষয়টি জানতে পারেন। তিনি দাবি করেন, লাশ হস্তান্তর পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তবে কেন তাকে আসামি করা হয়েছে তা তার জানা নেই।

বিজ্ঞাপন

দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বেলাল উদ্দীন বলেন, পীর হত্যার ঘটনাটি এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে, যেখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ জড়িত থাকতে পারেন। তবে দলটিকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা তারা প্রত্যাখ্যান করেন।

জামায়াত নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্যের ভিত্তিতে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD