Logo

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে শিক্ষকদের মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ এপ্রিল, ২০২৬, ১৯:৩৬
ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে শিক্ষকদের মানববন্ধন
ছবি প্রতিনিধি।

‎ময়মনসিংহে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট’।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারি ২০২৫ সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দিলেও আজ পর্যন্ত তার কার্যকর বাস্তবায়ন হয়নি। ১৯৯৪ সালে তৎকালীন সরকার রেজিস্ট্রেশনপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মাত্র ৫০০ টাকা ভাতা প্রদান শুরু করেছিল। পরবর্তীতে ২০১৩ সালে ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একটি ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ বা এমপিওভুক্ত করা হয়নি।

বিজ্ঞাপন

‎বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘ ৪২ বছর ধরে শিক্ষকরা বিনা বেতনে পাঠদান করে আসছেন। বর্তমানে বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা না থাকায় হাজার হাজার শিক্ষক-কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। ফলে মেধাবী শিক্ষকরা এই পেশায় আগ্রহ হারাচ্ছেন এবং শিক্ষার মান ব্যাহত হচ্ছে।

‎সংগঠনের জেলা সভাপতি মাওলানা মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ফয়সাল আহমেদসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

‎শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে জাতীয়করণের দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ৩ মে ২০২৬ তারিখ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সকল শিক্ষকদের নিয়ে মানববন্ধন, সমাবেশ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

‎মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD