পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভবনের পাইলিং কাজের উদ্বোধন

পিরোজপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে এ ভবনের পাইলিং কাজের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকটে থাকা এই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে মেগা প্রকল্পটি হাতে নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু সাঈদ বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। এটি জেলার শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত তদারকির মাধ্যমে কাজের মান নিশ্চিত করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাবর তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন বলেন, “বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় বিদ্যালয়টি আধুনিক রূপ পেতে যাচ্ছে। ভবনটি জেলার অন্যতম নান্দনিক ও আধুনিক শিক্ষা কাঠামো হিসেবে গড়ে তোলা হবে।”
বিজ্ঞাপন
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, নির্ধারিত নকশা অনুযায়ী গুরুত্ব সহকারে পাইলিং কাজ শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে ভবনের কাঠামো দৃশ্যমান হবে বলে আশা করা যাচ্ছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাবর তালুকদার বলেন, “ভবনটি নির্মিত হলে কয়েক হাজার শিক্ষার্থীর জন্য ডিজিটাল ক্লাসরুম, আধুনিক ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরির সুবিধা নিশ্চিত হবে।”
বিজ্ঞাপন
বর্তমানে হাইড্রোলিক মেশিনের মাধ্যমে পাইল ফাউন্ডেশন স্থাপনের কাজ চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবনটি নির্মাণ শেষ হলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় দক্ষিণাঞ্চলের অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।








