টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার প্রাণ হারান।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে রয়েছেন গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে আতিকুল ইসলাম (৪০), যিনি বাসটির সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরজন একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজন মিয়া (৪৩), তিনি বাসের হেলপার ছিলেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও চালক নিহত হয়। পরে দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় স্থানীয় বিদ্যুৎ নামে এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় যান চলাচল বন্ধ হলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








