Logo

জাল রেজিস্ট্রেশন দিয়ে ফুয়েল কার্ডের আবেদন, অতঃপর...

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
২০ এপ্রিল, ২০২৬, ১৪:২২
জাল রেজিস্ট্রেশন দিয়ে ফুয়েল কার্ডের আবেদন, অতঃপর...
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভুয়া রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন এক কলেজছাত্র। এ ঘটনায় জাল সনদ প্রস্তুতের সঙ্গে জড়িত আরেক যুবককেও আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে দুজনকেই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা চত্বরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ ব্যবস্থা নেওয়া হয়। আদালত পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।

প্রশাসন সূত্রে জানা যায়, সিয়াম মিয়া নামে এক শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ জমা দিয়ে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাইয়ের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সনদে অসঙ্গতি শনাক্ত করে এবং পরে সেটি ভুয়া বলে নিশ্চিত হয়। এরপরই তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সিয়াম জানান, স্থানীয় এক কম্পিউটার দোকান থেকে তিনি সনদটি তৈরি করিয়েছেন। তার তথ্যের ভিত্তিতে উপজেলা চত্বর এলাকায় অবস্থিত ‘রায়হান কম্পিউটার’ নামের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে কামরুল হাসান নামে এক যুবককে আটক করা হয়, যিনি জাল কাগজ তৈরি করার বিষয়টি স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালত উভয়কে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউএনও সুমন চৌধুরী বলেন, জাল কাগজ ব্যবহার করে সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা একটি গুরুতর অপরাধ। এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD