কালীগঞ্জে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় একযোগে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন–২০২৬।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ জানান, শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হচ্ছে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মোট ১১ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং অস্থায়ী ১৯২টি কেন্দ্রসহ মোট ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের বিভিন্ন স্কুলে স্থাপিত ৪৮টি কেন্দ্রে ৩১ হাজার ৬৬ জন শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসা. নাহিদা খাতুন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মুনমুন, থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উপজেলা স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা সকল অভিভাবকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।








