Logo

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
নওগাঁ
২১ এপ্রিল, ২০২৬, ১১:০৩
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা
ছবি: সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে ফজরের নামাজ আদায়ের পর এলাকার এক বৃদ্ধা ওই বাড়ির দরজা খোলা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি ঘরের ভেতরে উঁকি দিলে চারজনের গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে সকাল ৮টার দিকে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD