বাউফলে শিশুর পিতৃত্বের স্বীকৃতি ও বিয়ের দাবিতে নারীর অনশন

পটুয়াখালীর বাউফলে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে জন্ম নেওয়া এক শিশুর পিতৃত্বের স্বীকৃতি ও বিয়ের দাবিতে এক নারীর অনশন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২০ এপ্রিল) বিকেল থেকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাগা গ্রামে অভিযুক্ত প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন নিপা আক্তার (২৩)। এ সময় তার সঙ্গে রয়েছে ছয় মাস বয়সী শিশু সন্তান নাঈম হাওলাদার।
সরেজমিনে দেখা যায়, নিপার উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত কবির হাওলাদার তার বসতঘরের প্রধান ফটকে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির পেছনের পথ দিয়ে সরে যান।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, নিপা আক্তারের পূর্বে একই উপজেলার মদনপুরা ইউনিয়নের মো. জহিরের সঙ্গে বিয়ে হয়েছিল এবং তাদের একটি পাঁচ বছর বয়সী কন্যাসন্তান রয়েছে। স্বামী কর্মসূত্রে বাইরে থাকাকালে প্রতিবেশী কবির হাওলাদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নিপা অন্তঃসত্ত্বা হলে বিষয়টি প্রকাশ পায় এবং দাম্পত্য জীবনে ভাঙন দেখা দেয়। পরে স্বামী বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে তাকে ছেড়ে চলে যান। পরবর্তীতে নিপা বাবার বাড়িতে একটি পুত্রসন্তানের জন্ম দেন।
নিপার পরিবারের দাবি, কবির হাওলাদারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করার সময় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এখন সন্তান জন্মের পর কবির দায় স্বীকার করছেন না। তাই সন্তানের পিতৃত্বের স্বীকৃতি এবং বিয়ের দাবিতে অনশন করছেন নিপা।
বিজ্ঞাপন
অন্যদিকে, কবির হাওলাদারের স্ত্রী চম্পা বেগম অভিযোগটি অস্বীকার করে এটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন। এ বিষয়ে কবির হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি সমাধানের জন্য তারা আপোষ-মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।








