Logo

অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ, রামুতে চাঞ্চল্য

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২২ এপ্রিল, ২০২৬, ১৫:২৮
অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ, রামুতে চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলাতে এক ইউপি সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের ঘটনা ঘটেছে। এ সময় তার সঙ্গে থাকা দুইজনকে মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) সকাল ৬টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খুরশেদ আলম।

অপহৃত ব্যক্তি রুস্তম আলী (৪০)। তিনি ঈদগড় ইউনিয়ন-এর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপগাড়িতে করে বাড়ি ফিরছিলেন রুস্তম আলী। পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িটি থামিয়ে দেয়। পরে গাড়িতে থাকা সবাইকে মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

একপর্যায়ে ইউপি সদস্য রুস্তম আলীকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে গাড়ির চালক ও অপর যাত্রীকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পরে আহত অবস্থায় তারা স্থানীয়দের কাছে ফিরে গিয়ে পুরো ঘটনা জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খুরশেদ আলম বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এটি ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD