Logo

পাবনায় কিস্তির টাকা চাইতে গিয়ে এনজিও কর্মকর্তাদের ওপর হামলা

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২৩ এপ্রিল, ২০২৬, ১৬:৫৪
পাবনায় কিস্তির টাকা চাইতে গিয়ে এনজিও কর্মকর্তাদের ওপর হামলা
ছবি: প্রতিনিধি

পাবনায় ঋণের বকেয়া টাকা আদায় করতে গিয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তাদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চর ঘোষপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বেসরকারি সংস্থা ওসাকা-এর সহকারী ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলাম (৩০), উপ-ব্যবস্থাপক মো. বাকী বিল্লাহ (৩৫) এবং শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম (৩৬)। তাদের পাবনা জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ওসাকা এনজিওর চর ভবানীপুর শাখা থেকে জাকিয়া খাতুন নামের এক গ্রাহক মৌসুমী ঋণ গ্রহণ করেছিলেন। এপ্রিল মাসে ঋণ পরিশোধের সময় হলেও তিনি তা না দিয়ে টালবাহানা করছিলেন। বুধবার সন্ধ্যায় ঋণের টাকা দেওয়ার কথা বলে সহকারী ব্যবস্থাপক রাকিবুল ইসলামকে নিজ বাড়িতে ডেকে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা জাকিয়ার স্বামী রেজাউল ও তার পরিবারের সদস্যরা রাকিবুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে সহকর্মী বাকী বিল্লাহ ও রবিউল ইসলাম ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম ও বাকী বিল্লাহর মাথায় গুরুতর জখম রয়েছে এবং বাকী বিল্লাহর সিটি স্ক্যান করা হয়েছে। রবিউল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রেজাউলকে আটক করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD