নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি রাজারহাট-আনন্দবাজার সড়কের কাজ

কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ার পর এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
জানা গেছে, ২০২৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীন রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি) প্রকল্পের আওতায় সড়কটির রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার আহ্বান করা হয়। কাজের প্রাক্কলিত ব্যয় ছিল ১৭ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা। তবে প্রায় ১৬ শতাংশ কম দামে ১৪ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ১০ টাকায় ঠিকাদার খায়রুল কবির রানা কাজটি গ্রহণ করেন।
২০২৪ সালের আগস্টে কাজ শুরু হলেও রাস্তার বিভিন্ন অংশ খনন করে পুরাতন ইট-পাথর তুলে ফেলার পর দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকে। ফলে সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
চুক্তি অনুযায়ী ২০২৬ সালের ৩০ জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি রাজারহাট উপজেলা সদর বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজার হয়ে উলিপুর-কুড়িগ্রাম সড়কের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, যা দুই উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সড়কটির বেহাল অবস্থার কারণে অন্তত ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় অটোচালক মোস্তফা মিয়া বলেন, রাস্তা খুঁড়ে ফেলে রাখায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। কলেজ শিক্ষার্থী সুমন জানান, শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান আতা বলেন, জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সও সময়মতো পৌঁছাতে পারে না।
এ বিষয়ে ঠিকাদার খায়রুল কবির রানা জানান, কিছু জটিলতার কারণে কাজ বন্ধ ছিল, তবে এখন আবার কাজ শুরু হয়েছে। উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) প্রদীপ কুমার বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে এবং আশা করা হচ্ছে, শিগগিরই মানুষের ভোগান্তি কমবে।








