কলেজ শিক্ষিকাকে জুতাপেটা করলেন স্থানীয় বিএনপি নেতা

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
একই ঘটনায় কলেজে ভাঙচুর ও অন্য শিক্ষকদের ওপর হামলার অভিযোগও উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এতে কলেজের অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তারা আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয়-ব্যয়ের হিসাব চান। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রভাষক আলেয়া খাতুন হীরার সঙ্গে তাদের উত্তেজনা তৈরি হয় এবং তাকে মারধর করা হয়।
এর কিছুক্ষণ পর আবারও কয়েকজন এসে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ একাধিক শিক্ষক ও কর্মচারীর ওপর হামলা চালান। পাশাপাশি অফিস কক্ষে ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ মোট পাঁচজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় কলেজে এসে তারা আয়-ব্যয়ের হিসাব চাইতেন, যা মূলত চাঁদার দাবি ছিল। অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় তিনিও হামলার শিকার হন।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, কলেজের অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার ভাষ্য অনুযায়ী, প্রথমে শিক্ষিকাই তাদের ওপর হামলা করেন, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বিজ্ঞাপন
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, চার মাস আগে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ থেকে চাঁদার দাবি করা হচ্ছিল। দাবি প্রত্যাখ্যান করায় এ ঘটনার সূত্রপাত হয়।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় পুলিশ আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে পরে কিছু লোক জোর করে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








