দামুড়হুদায় মৌমাছির কামড়ে ভ্যানচালকের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৩) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়া এলাকার বাসিন্দা আবু গাইনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে জয়রামপুর শেখপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মৌমাছির একটি ঝাঁক তাকে আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল-এ পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, মৌমাছির কামড়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে রেফার করা হয়।
বিজ্ঞাপন
এদিকে দামুড়হুদা মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








