শেখ হাসিনাকে ফেরানোর শপথ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

লক্ষ্মীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করে শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে এ শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ব্যাঙের ছাতার মতো গজিয়েছে কিন্ডারগার্টেন
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কয়েকজন নেতাকর্মী একত্র হয়ে শপথবাক্য পাঠ করছেন। তারা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
বিজ্ঞাপন
জানা গেছে, কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এই শপথ আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী।
ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ এ ঘটনাকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।








