কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বিজ্ঞাপন
বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার। পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) বিচারক জয়নাল আবেদীন, স্পেশাল জজ তপন রায়, সিনিয়র জজ (সিভিল) ও লিগ্যাল এইড অফিসার মো. তারিক হাসানসহ বিভিন্ন আদালতের বিচারক, পাবলিক প্রসিকিউটর (পিপি), গভর্নমেন্ট প্লিডার (জিপি), আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং এনজিও প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার বলেন, গত এক বছরে জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে প্রায় ১৫ হাজার মানুষকে সরকারিভাবে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। এতে সাধারণ মানুষ ন্যায়বিচার প্রাপ্তিতে উপকৃত হচ্ছেন।
আরও পড়ুন: ব্যাঙের ছাতার মতো গজিয়েছে কিন্ডারগার্টেন
লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র জজ (সিভিল) মো. তারিক হাসান জানান, গত এক বছরে কুষ্টিয়ায় লিগ্যাল এইডের মাধ্যমে ১,৫১৫টি মামলার মধ্যে ১,৪২৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া ৮০টি পোস্ট কেসের মধ্যে ৭৪টি নিষ্পত্তি করা হয়। এ সময়ে মোট ২ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ১০০ টাকা আদায় করা হয়েছে। পাশাপাশি ২ হাজার ৯ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে।








