Logo

এক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে কিশোরগঞ্জ শহরের রাস্তা

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২৮ এপ্রিল, ২০২৬, ১৬:৫৩
এক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেছে কিশোরগঞ্জ শহরের রাস্তা
ছবি: সংগৃহীত

অল্প সময়ের ভারী বর্ষণে কিশোরগঞ্জ শহরের প্রায় ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে হওয়া বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

বৃষ্টির পরপরই শহরের ড্রেনেজ ব্যবস্থা উপচে পড়ে আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অনেক সড়ক, স্কুল মাঠ, খেলার মাঠ এবং বাসাবাড়িতে হাঁটুসমান পানি জমে যায়। এতে শহরের জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, নগুয়া এতিমখানা, নগুয়া বটতলা, আলোরমেলা, এঞ্জেল স্কুলের সামনেসহ শহরের বিভিন্ন সরকারি অফিস-আদালত ও আবাসিক এলাকায় পানি ঢুকে পড়ে স্থবিরতা তৈরি করেছে। ফলে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ বিভ্রাট এবং ড্রেনের দুর্গন্ধযুক্ত নোংরা পানির কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ।

পৌর এলাকার বাসিন্দা মো. জামালসহ অনেকে বলেন, “অনেকদিন ধরেই সামান্য বৃষ্টি হলেই শহরে পানি জমে যায়। এতে চলাচলে চরম ভোগান্তি হয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।”

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান বলেন, “দীর্ঘ সময়ের ভারী বর্ষণের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। পানি নিষ্কাশনে আমাদের ৭-৮টি টিম কাজ করছে। তবে পানি সরে যেতে কিছুটা সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD