লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

লালমনিরহাটে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) বিধান চন্দ্র বর্মনের নেতৃত্বে একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেয়। অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে চাঁদনি বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নবীনটারী এলাকায় একটি মুদি দোকানে কয়েকজন ব্যক্তি মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
পরবর্তীতে বিষয়টি থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদকে অবহিত করা হলে তার নির্দেশনায় পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মুদি দোকান থেকে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মাধব চন্দ্র রায় (২৪), সুমন চন্দ্র রায় (২৬) এবং গৌরাঙ্গ রায় (২৪)। তারা সবাই নবীনটারী এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
আটকদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৩৫টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল পাওয়া গেছে। এছাড়া সিম কার্ডগুলোর মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৬ এর আওতায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অনলাইন জুয়া ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








