নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে পাঁচ সন্তানের জননী খুন

মেয়ের বিয়ের জন্য ধার করা ১০ হাজার টাকা নেশা করে খরচ করার বিষয়টি নিয়ে প্রশ্ন করায় নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে পাঁচ সন্তানের জননী আফিয়া আক্তার (৪৫) নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নের হাইরমারা গ্রামের পালবাড়িতে।
নিহতের ছেলে মনির হোসেন ও স্থানীয়দের বরাতে জানা যায়, আফিয়া আক্তার মেয়ের বিয়ের জন্য বড় মেয়ের জামাইয়ের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে স্বামী সুজন মিয়া (৫০) গোপনে ১০ হাজার টাকা নিয়ে নেশা করে খরচ করে ফেলেন। বিষয়টি জানার পর স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
পরে রাত সাড়ে ১১টার দিকে সুজন মিয়া স্ত্রী আফিয়া আক্তারকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।
আফিয়া আক্তারের চিৎকারে তার ছেলে মনির হোসেন ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘাতক স্বামী সুজন মিয়াকে গ্রেফতারের জন্য রায়পুরা থানা ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।








