মসজিদে ঢুকে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই নৃশংস ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজ উদ্দিন পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজরের নামাজ চলছিল। মসজিদের স্থায়ী ইমাম না থাকায় হাফিজ উদ্দিন নামাজ পড়াচ্ছিলেন, তখন তিনি সিজদারত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ জসিম মিয়া মসজিদের ভেতরে প্রবেশ করে হাফিজ উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত মুসল্লি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত জসিম মিয়াকে আটক করে।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। এই হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন








