Logo

খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
৩ মে, ২০২৬, ১৮:৩১
খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) দুপুরে উপজেলা সদরের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর পানছড়ি উপজেলা আমির জাকির হোসেন, উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনু এবং বিএনপির ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ আরও একজন কর্মী।

বিজ্ঞাপন

জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর ইউসুফ অভিযোগ করে বলেন, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আল আমিনের নেতৃত্বে ৮–১০ জন যুবক অতর্কিতভাবে জামায়াত নেতা জাকির হোসেনের ওপর হামলা চালায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের আরেক নেতা সৈয়দ মজনুর ওপর দ্বিতীয় দফা হামলা হয় বলেও তিনি দাবি করেন।

তবে বিএনপির জেলা সাধারণ সম্পাদক এম এন আফছার বলেন, ‌ মোটরসাইকেল ওভারটেকিংকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে এ ঘটনা ঘটে। এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং ব্যক্তিগত বিরোধের জের ধরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে তাদের দলের দুই কর্মীও আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনুতোষ চাকমা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়। একজনের মাথায় আঘাত রয়েছে, আরেকজনের হাতের আঙুল ভেঙে গেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য একজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD