আলমডাঙ্গায় নোংরা পরিবেশে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে আইসক্রিম তৈরি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য অনুপযোগী ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি ফ্যাক্টরিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিজ্ঞাপন
রবিবার (৩ মে) দুপুরে পৌর এলাকার হাউসপুর সড়কে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় “লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরি” নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ফ্যাক্টরিটিতে স্বাস্থ্যবিধি না মেনে নোংরা পরিবেশে এবং খাদ্য উপযোগী রংয়ের পরিবর্তে সরাসরি ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মানবদেহের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞাপন
এ সময় ফ্যাক্টরির ৮টি ফ্রিজে সংরক্ষিত কয়েক হাজার আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল।
বিজ্ঞাপন
মোহাম্মদ মামুনুল হাসান বলেন, “ফ্যাক্টরিটিতে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এছাড়া বৈধ কোনো কাগজপত্রও পাওয়া যায়নি। তাই উৎপাদিত আইসক্রিম জব্দ ও ধ্বংস এবং জরিমানা করা হয়েছে।”








