Logo

চাঁদা আদায়কে ঘিরে অবরোধ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক

profile picture
জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ
৩ মে, ২০২৬, ২০:৪৩
চাঁদা আদায়কে ঘিরে অবরোধ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে যানবাহন থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাময়িকভাবে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হলে সড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

রবিবার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রায় এক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। বাস, ট্রাক, কার্ভার্ড ভ্যান, মিনিবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন সড়কে আটকা পড়ে।

শ্রমিক সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। মূলত মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে শ্রমিক কল্যাণ তহবিলের নামে চাঁদা আদায়কে কেন্দ্র করেই এ বিরোধের সূত্রপাত। উভয় সংগঠনই দীর্ঘ সময় ধরে বিভিন্ন যানবাহন থেকে অর্থ সংগ্রহ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে একই ইস্যুতে গত ২৪ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কার্ভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের ডাক দেয়। ওই কর্মসূচির ফলে একদিন জেলা থেকে বাস চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে রাজনৈতিক নেতাদের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় সেই অবরোধ প্রত্যাহার করা হয়।

তবে সাম্প্রতিক সময়ে আবারও চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন জানান, দুই সংগঠনের মধ্যে আগে একটি সমঝোতা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, উভয় পক্ষই বৈধ প্রক্রিয়ায় চাঁদা সংগ্রহ করবে। কিন্তু রবিবার সকালে তাদের ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং এক সদস্যকে চাঁদাবাজির অভিযোগে পুলিশ আটক করে। এর প্রতিবাদেই তারা সড়কে নেমে আসেন। পরে প্রশাসন দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রশাসন জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই আটক নেতাদের ছেড়ে দেওয়া হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই তারা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন বলেন, শ্রমিকদের দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে। পরে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। বর্তমানে মহাসড়কে সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD