ঝিকরগাছায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন

যশোরের ঝিকরগাছায় আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও টেকসই কৃষি ব্যবস্থাপনার লক্ষ্যে ‘কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।
বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় চত্বরে এসে শেষ হয়। এরপর ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আধুনিক কৃষি প্রযুক্তিগুলো পর্যবেক্ষণ করেন।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, "কৃষিতে এখন স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। গদখালী যেহেতু ফুলের রাজধানী, তাই এই ফুলকে কাজে লাগিয়ে নতুন নতুন পণ্য তৈরির সুযোগ নিতে হবে যুবকদের।" সভাপতির বক্তব্যে ইউএনও সাফফাত আরা সাঈদ ঝিকরগাছাকে একটি কৃষিভিত্তিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আবদুর রশিদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, থানার সেকেন্ড অফিসার এসআই (নি.) আলিমুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, জামায়াতের যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর উপজেলার সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলাটি আগামী তিন দিন (৫ মে থেকে ৭ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।








