পানছড়িতে প্রকাশ্য দিবালোকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর বাজারে সশস্ত্র হামলায় ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত ইমন আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ মে) সকাল আনুমানিক ৬টার দিকে ইসলামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ইমন হোসেন বাজারে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত বাজারে প্রবেশ করে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়।
হঠাৎ গুলির শব্দে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ইমন। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
বিজ্ঞাপন
খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
ঘটনার পর ইসলামপুর বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি।








