Logo

কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত কাটা খাল পুনঃখননের উদ্বোধন

profile picture
উপজেলা প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
৭ মে, ২০২৬, ১৩:৪৪
কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত কাটা খাল পুনঃখননের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ও লোহাজুরী ইউনিয়ন এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কাটা খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বুধবার (৬ মে) বিকেলে এ কাজের উদ্বোধন করেন।

এ উপলক্ষে জালালপুর ইউনিয়নে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ইজিপিপি কর্মসূচির মাধ্যমে জালালপুর কাটা খাল থেকে লোহাজুরী ইউনিয়নের অড়িয়াধর বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সাইফুল ইসলাম, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় আবারও এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মাছ চাষ ও বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই প্রশংসনীয় উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানাচ্ছি। এর মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে এই খাল খননের উদ্বোধন করেছিলেন। আজ পুনঃখননের উদ্বোধন করতে পেরে আমরাও গর্বিত ও আনন্দিত।

উল্লেখ্য, ১৯৭৮ সালে খালটি খননের জন্য তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হেলিকপ্টারে করে সরাসরি জালালপুর এলাকায় আসেন। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটায় অংশ নেন এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেই স্মৃতি আজও স্থানীয় মানুষের মনে অমলিন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD