পিরোজপুরে মৎস্যচাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের ২ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

পিরোজপুরে মৎস্যচাষিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’ এর আওতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৬ ও ৭ মে পিরোজপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. মহসিন এবং সিনিয়র সহকারী পরিচালক (বরিশাল) মোহাম্মদ আনিসুজ্জামান। এছাড়া পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রশিক্ষণে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রদর্শনী ও সহযোগী মৎস্যচাষিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় আধুনিক মাছ চাষ পদ্ধতি—বিশেষ করে গলদা-কার্প মিশ্র চাষ, পুকুর প্রস্তুতি, উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য ও সার ব্যবস্থাপনা এবং মাছের রোগবালাই প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, সরকারের এই প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ের চাষিদের কাছে আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি পৌঁছে দেওয়া হচ্ছে। এতে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাষিদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
সমাপনী দিনে অংশগ্রহণকারী চাষিদের মাঝে মৎস্যচাষ বিষয়ক বিভিন্ন কারিগরি নির্দেশিকা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেরিন সুলতানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








