ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) প্রতি অশালীন মন্তব্য, কুরুচিপূর্ণ আচরণ এবং কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়রানির প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) সকালে কমলনগর উপজেলার কড়ইতোলা বাজারে শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই কর্মসূচিতে অংশ নেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন, “সেবা নয়, সম্মানও আমাদের অধিকার”—চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করলেও তারা সামাজিক ও পেশাগতভাবে প্রায়ই অবহেলা ও হয়রানির শিকার হচ্ছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে তাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং কাজের পরিবেশে বাধা দেওয়ার ঘটনা বাড়ছে বলেও অভিযোগ করেন তারা।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, তারা মানুষের দোরগোড়ায় জীবন রক্ষাকারী ওষুধের তথ্য পৌঁছে দেন। কিন্তু বিনিময়ে অনেক সময় অপমান ও হয়রানির মুখোমুখি হতে হয়। নাগরিক হিসেবে সম্মান পাওয়াও তাদের অধিকার বলে দাবি করেন তারা।
মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা পেশাগত মর্যাদা নিশ্চিতকরণ, হয়রানি বন্ধ, আইনি সুরক্ষা এবং নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশের দাবি জানান।
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিজ্ঞাপন
এসময় কমলনগর উপজেলা ফারিয়ার সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক রুবেল এবং সহ-সভাপতি হাফেজ জাকারিয়াসহ উপজেলার বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে তারা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।








