ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ

কৃষিতে স্বনির্ভর উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে কৃষিকে আরও সমৃদ্ধ করতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) সেপারেটর মেশিন বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে কৃষকদের হাতে এসব মেশিন তুলে দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গী সরকার শান্তা, ইউনিয়ন কৃষি কর্মকর্তারা এবং উপকারভোগী কৃষকরা।
বিজ্ঞাপন
সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম বলেন, ঠাকুরগাঁওয়ের অধিকাংশ জমি সারা বছর চাষাবাদের আওতায় থাকে। ফলে মাটির জৈব গুণাগুণ ধীরে ধীরে কমে যাচ্ছে।
এ কারণে মাটির উর্বরতা রক্ষায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে এসব সেপারেটর মেশিন বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে মোট ১০টি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়, যার প্রতিটির বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা। এছাড়া জেলায় নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৭০ জন ভার্মি কম্পোস্ট সার উৎপাদনকারী কৃষক ও উদ্যোক্তা রয়েছেন বলে জানা গেছে।








