যশোরে অস্ত্র ও গাঁজাসহ যুবদল নেতা পরিচয়ে যুবক আটক

যশোরের সদর উপজেলার বিরামপুর গ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
আটক রবিউল ইসলাম বিরামপুর এলাকার তাইজুল ইসলামের ছেলে। তিনি নিজেকে নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোর জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম বিরামপুর এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে রবিউলকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ডিএনসি পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, উদ্ধার হওয়া অবৈধ অস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে এবং এর পেছনে কোনো বড় অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রবিউলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা জানান, বর্তমানে যুবদলের কোথাও কোনো কমিটি নেই। তারা বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন। তারা স্পষ্ট করে বলেন, "অপরাধী যেই হোক, দল তাকে প্রশ্রয় দেবে না। যদি তিনি দলের কোনো সদস্য হয়ে থাকেন, তবে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, রবিউলের বিরুদ্ধে এলাকায় একাধিক মামলা রয়েছে। তার নেতৃত্বে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট পরিচালিত হয় বলে অভিযোগ আছে। দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি ও সালিশ বিচারের নামে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলেন তিনি। রাজনৈতিক পরিচয় ও পারিবারিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পেতেন না। রবিউলের আটকের খবরে বিরামপুর এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।








