Logo

নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের পর এবার ভাইরাল নরেন্দ্র মোদি

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৫ মে, ২০২৬, ১৬:৪১
নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের পর এবার ভাইরাল নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতে জমে উঠেছে কোরবানির প্রস্তুতি। বড় আকারের গরু-মহিষ ও বিভিন্ন বিদেশি জাতের পশু দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। এর মধ্যেই লম্বা সাদা দাড়িওয়ালা একটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নরেন্দ্র মোদি’ নামে আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

খামার সূত্রে জানা গেছে, বিরল অ্যালবিনো বা গোলাপি আভাযুক্ত এই মহিষটির অস্বাভাবিক লম্বা সাদা দাড়ি এবং ভিন্নধর্মী চেহারাই মূলত সবার নজর কাড়ছে।

নারায়ণগঞ্জের আর কে এগ্রো ফার্মে থাকা মহিষটির একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহিষটির শরীরে হালকা সাদা আভা এবং মুখের নিচে ঝুলে থাকা দীর্ঘ সাদা দাড়ি, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটি ‘নীলি রাভি’ জাতের এবং এর ওজন প্রায় ৭০০ কেজি। প্রায় চার বছর আগে এটি খামারে আনা হয়েছিল। তবে ইতোমধ্যে মহিষটি বিক্রি হয়ে গেছে। যদিও কী দামে বিক্রি হয়েছে, তা জানানো হয়নি।

আর কে এগ্রো ফার্মের ব্যবস্থাপক নাজির হোসেন বলেন, খামার কর্তৃপক্ষ মহিষটির নাম ‘নরেন্দ্র মোদি’ রাখেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই মজা করে এই নাম দিয়েছেন।

বিজ্ঞাপন

খামারটিতে এবার কোরবানির জন্য প্রায় সাড়ে তিনশ’ পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে নীলি রাভি জাতের আরও কয়েকটি মহিষ রয়েছে।

প্রাণিসম্পদ সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নীলি রাভি পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলের একটি উচ্চ উৎপাদনশীল মহিষের জাত। বিশেষ করে দুধ উৎপাদনের জন্য এ জাতটি বেশ পরিচিত।

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া বলেন, খামারিরা নিজেদের আগ্রহ থেকেই পশুর নাম রাখেন। এটি তাদের ব্যক্তিগত বিষয়। তিনি জানান, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব দল অসুস্থ পশু শনাক্ত ও দ্রুত চিকিৎসা দেওয়ার দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, এর আগে একই জেলায় ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু নামে পরিচিত আরও কয়েকটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এবার সেই তালিকায় যোগ হয়েছে সাদা দাড়িওয়ালা এই ‘নরেন্দ্র মোদি’ মহিষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD