মহাসড়কের পাশ অসম রেখেই যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

যশোর–খুলনা মহাসড়কের নতুন নির্মিত অংশের পাশের কিনারা মাটি দিয়ে ভরাট না করেই যান চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দেওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সড়কের পাশে সঠিকভাবে লেভেলিং না থাকায় যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ব্যস্ততম রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত অংশে ধাপে ধাপে কংক্রিটের ঢালাই দিয়ে সড়ক নির্মাণ কাজ চলছে। কিছু অংশের নির্মাণ শেষ হলেও সড়কের পাশের কিনারা এখনো মাটি দিয়ে সমান করা হয়নি। ফলে সড়কের পাশ অনেকটা নিচু অবস্থায় রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতে মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনের চালকরা বেশি ঝুঁকিতে পড়ছেন।
বিজ্ঞাপন
সড়কে নিয়মিত চলাচলকারী শরিফুল নামে এক পথচারী বলেন, মহাসড়কের পাশের অংশ অনেক নিচু হওয়ায় যানবাহনে উঠতে আমাদের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। নারী ও শিশুদের সবচেয়ে বেশি কষ্ট হয়। দ্রুত মাটি ভরাট করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করা দরকার।
ইজিবাইক চালক রিংকু বলেন, রাতে বোঝা যায় না কোথায় রাস্তার শেষ। একটু অসাবধান হলেই গাড়ি নিচে পড়ে যেতে পারে। অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।
বিজ্ঞাপন
সড়ক ও জনপথ অধিদপ্তর যশোরের উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, রাস্তার কিনারা মাটি দিয়ে ভরাট করার দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের। কংক্রিটের ঢালাই শেষে তাদের এ কাজ সম্পন্ন করার কথা। যেহেতু পথচারী ও যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে, তাই দ্রুত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাটি ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।








