‘ভাত চেয়ে না পেয়ে’ ৫ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাত খেতে চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নারী-শিশুসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আব্দুল মালেক (২৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় তিনি সাতটি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরও করেন বলে জানিয়েছে স্থানীয়রা।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) বিকেলে ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকার তোফাজ্জল পুলিশের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন রেনুভা বেগম (৩৫), জেনুফা আক্তার (৩০), লামিয়া আক্তার মীম (৬), খাদিজা আক্তার (১৮) ও খোকা মিয়া (৫৩)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আব্দুল মালেক দীর্ঘদিন ধরে বেকার এবং মাদকাসক্ত। এ কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার সম্পর্কও ভালো ছিল না। ঘটনার দিন দুপুরে তিনি তার ভাবি রেনুভা বেগমের কাছে খাবার চান। অভিযোগ রয়েছে, ভাত না পেয়ে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে ঘরে থাকা বঁটি হাতে নিয়ে রেনুভা বেগম ও তার শিশু কন্যা লামিয়া আক্তার মীমের ওপর এলোপাতাড়ি হামলা চালান মালেক। এরপর ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন।
পরে পাশের আরও ছয়টি ঘরে ঢুকে ভাঙচুর চালানো হয়। এ সময় তাকে বাধা দিতে গেলে প্রতিবেশী দুই নারী ও এক বৃদ্ধের ওপরও হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তারাও আহত হন।
বিজ্ঞাপন
আহত খাদিজা আক্তার জানান, তিনি ঘরের ভেতরে শুয়ে ছিলেন। হঠাৎ আব্দুল মালেক দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। কারণ জানতে চাইলে তাকে হাতে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মালেককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








