মোল্লাহাটে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বাসের ধাক্কায় তাপস মন্ডল ওরফে সোনা (৫২) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডিহি মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাপস মন্ডল খড়কুটো বোঝাই ভ্যান নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা রাজিব পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এ্যাম্বুলেন্সে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহতের পরিবার জানায়, তাপস মন্ডল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সকালে কাজের উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে জয়ডিহি এলাকায় ধানের কুটা টানার কাজে গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টহল টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








