Logo

বন রক্ষা করে শেষ হাসিটাই হাসল উপকারভোগীরা

profile picture
উপজেলা প্রতিনিধি
লোহাগাড়া, চট্টগ্রাম
২৩ মে, ২০২৬, ১১:৫৩
বন রক্ষা করে শেষ হাসিটাই হাসল উপকারভোগীরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে প্রায় ৯১ লাখ টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন বন রক্ষা ও পরিচর্যায় সম্পৃক্ত থাকা উপকারভোগীরা এই অর্থ পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বনবিভাগ সূত্রে জানা গেছে, ২০০৫-০৬, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরে সৃজিত সামাজিক বনায়নের গাছ বিক্রি থেকে প্রাপ্ত অর্থের ৪৫ শতাংশ হারে তিন ক্যাটাগরিতে মোট ৮০ জন উপকারভোগীর মাঝে ৯০ লাখ ৯০ হাজার টাকার লভ্যাংশ বিতরণ করা হয়।

শুক্রবার দুপুরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ।

বিজ্ঞাপন

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান বেগম মিল্কী। এছাড়াও উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্বাস উদ্দিন, ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মনজুর আলম, বনবিট কর্মকর্তা চঞ্চল কুমার দরফদার, রেজাউল করিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে লভ্যাংশ পাওয়া উপকারভোগী জসিম উদ্দীন আবেগাপ্লুত হয়ে বলেন, এই টাকাই এখন তার পরিবারের বড় ভরসা। মেয়ের বিয়ের আয়োজন করতে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

প্রধান অতিথি আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ বলেন, সামাজিক বনায়নের লক্ষ্য শুধু বন সংরক্ষণ নয়, বরং স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD