নেত্রকোণায় বখাটেদের ব্ল্যাকমেইলে স্কুলছাত্রীর আত্মহত্যা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার মোহনা স্থানীয় বখাটেদের ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত ৮ মে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়।
বিজ্ঞাপন
ঘটনার পর মোহনার বাবা হিরন মিয়া দুই বখাটের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মোহনার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী।
বিজ্ঞাপন
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি হুমায়ুন রায়হান, আবুল কাশেম, ইদ্রিস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করে বলেন, একই উপজেলার নগুয়া গ্রামের শামীম (২৪) ও সিংহেরগাঁও গ্রামের জিহাদ (২২) দীর্ঘদিন ধরে মোহনাকে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে আসছিল। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে গত ৮ মে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মোহনা।
বিজ্ঞাপন
পরিবারের পক্ষ থেকে গত ১৪ মে নেত্রকোনা আমলী আদালতে মামলা দায়ের করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না করায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
এ অবস্থায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে ভুক্তভোগীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।








