Logo

বোয়ালখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩

profile picture
উপজেলা প্রতিনিধি
বোয়ালখালী, চট্টগ্রাম
২৬ মে, ২০২৬, ১৭:০১
বোয়ালখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি কারখানার তিন কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

নিহত আছমত আলী (৩২) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা এলাকার বাসিন্দা। তিনি ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৪ মে) গভীর রাতে বোয়ালখালী-পটিয়া সীমান্তের শাকপুরা মিলিটারি ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ ফেব্রিকস কারখানায় টিনের চালা কেটে প্রবেশ করেন আছমত আলী। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী ও দায়িত্বরত লোকজন তাকে আটক করেন।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, আটকের পর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, চুরির অভিযোগ থাকলেও কাউকে আইন নিজের হাতে তুলে নিয়ে নির্যাতন বা গণপিটুনি দেওয়ার অধিকার নেই। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বিজ্ঞাপন

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক মো. মোশাররফ, সহকারী জেনারেল অ্যাডমিন হাফেজ মো. মনিরুল ইসলাম এবং ডিউটি ইনচার্জ আমির হোসেনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সচেতন মহল বলছে, সাম্প্রতিক সময়ে চোর সন্দেহে গণপিটুনির ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD