বৈরি আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদীতে তীব্র ঢেউ ও ঝড়ো বাতাস সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা ৫০ মিনিট থেকে নৌরুটটিতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। হঠাৎ করে নদী উত্তাল হয়ে ওঠায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার পর থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় আকাশ কালো মেঘে ঢেকে যায়। পরে শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। একই সঙ্গে পদ্মা নদীতে ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল নিরাপদ ছিল না।
যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, নদীতে হঠাৎ ঝড়ো বাতাস ও বৈরি আবহাওয়া সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।








