সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের খালি ওয়াগনের বগি লাউয়াছড়া বনের ভেতরে লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর ট্রেন উদ্ধারে হাইড্রোলিক টুলব্যান ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে প্রয়োজনীয় সরঞ্জামসহ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।








