Logo

দুই শতাব্দীর ঐতিহ্য ধরে সম্মিলিত কোরবানি, ১৬৬০ পরিবারে মাংস বিতরণ

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩০ মে, ২০২৬, ১২:২৭
দুই শতাব্দীর ঐতিহ্য ধরে সম্মিলিত কোরবানি, ১৬৬০ পরিবারে মাংস বিতরণ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈইলাজান গ্রাম আবারও প্রমাণ করলো—ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধই একটি সমাজের সবচেয়ে বড় শক্তি।

বিজ্ঞাপন

প্রায় দুই শতাব্দীর পুরোনো ঐতিহ্য অনুসরণ করে এবারও গ্রামটিতে সম্মিলিতভাবে ১৯৯টি পশু কোরবানি দেওয়া হয়েছে। পরে কোরবানির মাংস গ্রামের ১ হাজার ৬৬০টি পরিবারের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়।

স্থানীয়দের মতে, বহু বছর আগে গ্রামের ধর্মপ্রাণ ও সমাজসচেতন ব্যক্তিদের উদ্যোগে এ প্রথার সূচনা হয়। সেই থেকে ব্যক্তি উদ্যোগের পরিবর্তে সম্মিলিতভাবে কোরবানি এবং সুষমভাবে মাংস বণ্টনের মাধ্যমে সামাজিক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করে আসছে বৈইলাজান।

বিজ্ঞাপন

সময়ের সঙ্গে গ্রামের জনসংখ্যা ও কোরবানির পশুর সংখ্যা বাড়লেও আয়োজনের মূল চেতনা অপরিবর্তিত রয়েছে। পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধকে ধারণ করে প্রতিবছরই এই আয়োজন গ্রামবাসীর মধ্যে সমতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।

ঈদুল আজহাকে ঘিরে গ্রামের বাইরে বসবাসকারী অনেক মানুষও নিজ গ্রামে ফিরে আসেন। এতে পুরো গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আবহ সৃষ্টি হয়। স্থানীয়রা মনে করেন, আধুনিকতার এই যুগেও বৈইলাজানের সম্মিলিত কোরবানির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে সামাজিক বন্ধন ও মানবিকতার এক অনুকরণীয় দৃষ্টান্ত।

সমাজসেবক আব্দুল আলিম আব্দুল্লাহ বলেন, বৈইলাজানের এই আয়োজন শুধু একটি ধর্মীয় অনুশীলন নয়, এটি আমাদের ঐতিহ্য, সম্প্রীতি ও মানবিকতার প্রতীক। প্রায় দুই শতাব্দী ধরে গ্রামের মানুষ একসঙ্গে কোরবানি দিয়ে যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।

বিজ্ঞাপন

জেলা যুবদল নেতা সরকার শহীদ বলেন, এখানে ধনী-গরিব বা কোনো ধরনের বিভেদ নেই। সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এই আয়োজন তরুণদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেয়। এমন ঐতিহ্য ভবিষ্যতেও অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।

পুটিজানা ইউনিয়নের প্রশাসক রওশন জাহান বলেন, বৈইলাজান গ্রামের সম্মিলিত কোরবানির আয়োজন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। দীর্ঘদিন ধরে গ্রামবাসী যে শৃঙ্খলা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এটি পরিচালনা করছেন, তা সমাজের জন্য অনুসরণীয় উদাহরণ হয়ে থাকবে।

বিজ্ঞাপন

ঐতিহ্য, সাম্য ও ভ্রাতৃত্বের অনন্য সমন্বয়ে বৈইলাজানের এই সম্মিলিত কোরবানি আজ শুধু একটি গ্রামের আয়োজন নয়, বরং গ্রামীণ সমাজে সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD