Logo

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা

profile picture
জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ
৭ জুন, ২০২৬, ১৬:২২
আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা
ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে আর্জেন্টিনার জার্সি পরে চেম্বারে আসা রোগীদের জন্য অর্ধেক ফিতে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন পটুয়াখালীর চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান। এবার একই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের আরেক চিকিৎসক।

বিজ্ঞাপন

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও বিসিএস ডেন্টাল সার্জন ডা. শরীফ হোসাইন আর্জেন্টিনা সমর্থকদের জন্য তার ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গত ৫ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি জানান, আর্জেন্টিনা দলের খেলা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তার ব্যক্তিগত চেম্বারে দলটির সমর্থকদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার জার্সি পরে অথবা নিজেদের আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচয় দিয়ে যারা চেম্বারে আসবেন, তারা সম্পূর্ণ বিনা ভিজিটে দাঁত ও মুখের বিভিন্ন সমস্যার পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি দন্ত চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হবে।

ডা. শরীফ হোসাইন জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তার মতে, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দেয়। সেই আনন্দের অংশীদার হতে তিনি এ বিশেষ সুবিধার ব্যবস্থা করেছেন।

বিজ্ঞাপন

এই দন্ত চিকিৎসক আরও বলেন, আমরা সবাই আমাদের প্রিয় দলকে সমর্থন করি, পাশাপাশি নিজেদের স্বাস্থ্য ও সুন্দর হাসিরও যত্ন নিই। সুস্থ ও সুন্দর হাসিই আমাদের কাম্য।

তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেক আর্জেন্টিনা সমর্থক উদ্যোগটিকে অভিনব ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। ডা. শরীফ হোসাইনের ফ্রিতে চিকিৎসার ঘোষণা স্থানীয়ভাবেও ব্যাপক প্রশংসিত হয়েছে এবং বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD